মার্টিনকে সম্মান জানাতে ‘থ্যাংক ই্উ, গাপ’

নিউজিল্যান্ড ক্রিকেটের এক জ্বলজ্বলে তারকার নাম মার্টিন গাপটিল। অকল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটে তার অবদান অনেক। ক্যারিয়ারটাও জ্বলজ্বলে। এসব মিলিয়ে ব্যাপক উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘থ্যাংক ইউ, গাপ’ নামে এ আয়োজনে উদ্যোক্তা অকল্যান্ড ক্রিকেট।

দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে অকল্যান্ড এইস ও ওয়েলিংটন ফায়ারবার্ডসের আগামী ৪ জানুয়ারির ম্যাচ ঘিরে করা হয়েছে সব পরিকল্পনা। অকল্যান্ডের ইডেন পার্কের আউটার ওভালে এ ম্যাচে খেলবেন গাপটিল নিজেও।  বিশেষ এই দিনে মাঠটির নাম বদলে করা হবে ‘মার্টিন গাপটিল ওভাল।’ এছাড়া আগামী ২০২৪-২৫ মৌসুমে অকল্যান্ডের প্রিমিয়ার টি-টোয়েন্টি ক্লাব টুর্নামেন্টটির নাম হবে ‘দ্যা মার্টিন গাপটিল কাপ।’

ক্রিকেট অকল্যান্ডের প্রধান নির্বাহী লেইন ল্যাক্সন এ আয়োজন সম্পর্কে বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে অকল্যান্ডের হয়ে ও আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের মার্টিন বিশাল অবদান রেখেছে। তার সেই অবদানগুলোই আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে এবং আমরা চাই যেন সবাই এসে আমাদের সঙ্গে যোগ দেয় এবং ওই মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়।’

২০০৬ সালে অভিষেকের পর প্রায় ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কিউই জার্সিতে ৪৭ টেস্ট, ১৯৮ ওয়ানডে ও ১২২ টি-টোয়েন্টি খেলেছেন গাপটিল। করেছেন মোট ১৩ হাজার ৩৬৩ রান। দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় গাপটিল আছেন পাঁচ নম্বরে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ৩৫৩১ রান বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। আর অকল্যান্ডের এই ক্রিকেটার ৭৭৬৭ রান করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক।