চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচনী কমিটি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে অন্ত:কোন্দল দেখা দেয়। এ ঘটনার জেরে শুক্রবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এছাড়াও অফিসটির পাহাদারকে মারধর করা হয়েছে। আহত অবস্থায় তাকে দোহাজারী হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, নির্বাচন সামনে রেখে সাতবাড়ীয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আকতার হোসেনকে ভোট কেন্দ্র কমিটির আহ্বায়ক করা হয়। পরে মহুরীহাটে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী অফিস উদ্বোধন করেন। এ ঘটনায় অন্য গ্রুপের শাহেদ আলী নেতৃত্বে না আসায় তার সমর্থক শফিউল আলম ও কুতুবের নেতৃত্বে গভীর রাতে নির্বাচনী অফিসে ভাঙচুর চালানো হয়। এসময় চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে। এছাড়াও অফিস পাহারাদারকে মারধর করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) যুযুৎসু যশ চাকমা সাংবাদিকদের জানান, অফিস ভাঙচুরের বিষয়টি আমরা তদন্ত করছি।