রাজবাড়ীতে এমপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১(সদর-গোয়ালন্দ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী প্রকৌশলী ডিএম মজিবুর রহমানের প্রচারণায় বাধার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরামত আলীর বিরুদ্ধে। এ ঘটনায় মজিবুর রহমান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার(২৩ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ মোড়ে প্রকৌশলী মজিবুর রহমানের নির্বাচনী অফিসে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান জানান, আমার মার্কা সোনালী আশেঁর এক সমর্থককে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি কাজী কেরামত আলী তার দলের দুইজন লোক পাঠিয়ে ধরে নিয়ে যান ভয়ভীতি প্রদর্শন করে এবং আমার সমর্থককে সোনালী আঁশের সমর্থন করতে নিষেধ করেন। যা নির্বাচন আচরণ বিধিমালার ১১(ঙ) ধারায় সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন,  রাজবাড়ী জেলার পাচুরিয়া,দৌলতদিয়া ও উদয়পুর সহ অনান্য স্থানে সংসদ সদস্য কাজী কেরামত আলীর কর্মীরা আমার সমর্থক ও কর্মীদের ওপর বিভিন্ন বাঁধা ও প্রতিবন্ধকতা তৈরি করছে। ফলে আমাদের দলের কর্মী ও সমর্থকেরা ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়ছে। এই পরিস্থিতি সরকারের অঙ্গীকার সুষ্ঠু অবাদ নির্বাচন হুমকিতে পড়েছে,একই সাথে প্রশ্নবিদ্ধ হয়েছে।