অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতে আসা বাংলাদেশ যুব দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণে সংযুক্ত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের দলগুলোতে। আজ কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিসিএলের একদিনের ক্রিকেটের প্রতিযোগিতা। যুব বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিসিএলে খেলে নিজেদের আরও ঝালিয়ে নেবেন শিবলি-রাব্বিরা।
আজ সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামের ১ নম্বর মাঠে মুখোমুখি হবে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন। সেন্ট্রাল জোনে খেলছেন যুব এশিয়াকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। সঙ্গে আছে জিশান আলমও। ইস্ট জোনে আছেন যুব বিশ্বকাপ জয়ী পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়সহ মমিনুল হক, খালেদ আহমেদদের মতো লাল বলের নিয়মিতরা। ২ নম্বর মাঠে একই সময়ে মুখোমুখি হবে সাউথ জোন ও নর্থ জোন। সাউথ জোনে খেলছেন আশিকুর রহমান শিবলি, নর্থ জোনে আছে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এবং অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামসহ অনেকেই। বয়স ভিত্তিক ক্রিকেটের গ-ি ছাড়িয়ে কড়া প্রতিদ্বন্দ্বিতার আঁচ পরখ করাতেই বিসিবি বিশ্বকাপের আগে যুব দলের ব্যাটসম্যানদের সংযুক্ত করেছে বিসিএল দলগুলোতে।