আলী আজ্জম ফের ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আলী আজ্জম। এ বছর ১ জানুয়ারি থেকে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। গতকাল শনিবার বেলা ১১টায় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ১৮৫তম সভায় তাকে এই পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচন করা হয়।

এর আগে ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড ডিসিপ্লিনারিবিষয়ক বোর্ড কমিটির চেয়ারম্যানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আলী আজ্জম। ১ জানুয়ারি ২০২৪ থেকে পরবর্তী এক বছর তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

সভা শেষে পুনর্নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সদস্যরা। এ সময় ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শহীদ আখতার হোসেন, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি