প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনে একটা ভোট কারচুপির চেষ্টা হলেও তাৎক্ষণিকভাবে কেন্দ্রে ভোটদান বন্ধ ঘোষণা করা হবে। আর নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। অনেকে বলেন, প্রশাসন সরকারি দলের পক্ষপাতিত্ব করে, এটা ঠিক নয়। সবাই সচেতন থাকলে এবং চোখ-কান খোলা রাখলে এটা বোঝা যাবে।’ গতকাল শনিবার সকালে বরিশাল জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, ‘নানা কারণে নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এ নিয়ে কথা বলেন। আমাদের সঙ্গেও বৈঠক হয়েছে। তাদেরও চাওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রচারের সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। নির্বাচন কমিশন থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করা হবে। প্রার্থীরা ঘরে বসেই ফলাফল জানতে পারবেন। সবাইকে সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। ভোটারদেরও ভোট দিতে হবে। তবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট করতে প্রার্থীদের সহযোগিতাসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে আচরণবিধি মেনে চলতে হবে।’
সভায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।