কাপাসিয়ায় সাংবাদিকের পিতার ইন্তেকাল

দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি ও আনন্দ টিভি গাজীপুর জেলা (পূর্ব) প্রতিনিধি মো. খোরশেদ আলম খানের পিতা মোয়াজ্জাম আলী খান গত শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত ফাজিল খানের ছেলে। তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে আজমতপুর কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোয়াজ্জাম আলী খান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও (ইউনিয়ন পরিষদের সাবেক) সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ১৯৬২ সালে ফিকাহ শাস্ত্রে অষ্টম স্থান অধিকার করেন এবং গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। মোয়াজ্জাম আলী খানের মৃত্যুতে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারউজ্জামান, স্কুল কলেজের শিক্ষক, গাজীপুর প্রেস ক্লাব, কাপাসিয়া প্রেস ক্লাব, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।