অ্যানফিল্ডে অলিখিত ফাইনালে জেতা হয়নি কারোর। লিভারপুল তাই শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে। ১ নম্বর স্থান ধরে রেখেছে আর্সেনাল। তবে খেলা শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ক্ষোভ ঝেড়েছেন ভিএআর নিয়ে। পেনাল্টি বঞ্চিত হওয়ার যে হতাশা সেটাও গোপন রাখেননি তিনি।
ম্যাচের ১৯ মিনিটে বক্সের মধ্যে বল হাতে লাগে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের। সঙ্গে সঙ্গেই পেনাল্টির জন্য আবেদন করেন লিভারপুলের ফুটবলাররা। তবে ইংলিশ রেফারি ক্রিস কাভানাগ সেদিকে মনোযোগ না দিয়ে খেলা চালিয়ে যান।
আর ভিএআরেও বিষয়টি দেখা হয়নি। ক্লপের ক্ষোভটা মূলত এখানেই। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি নিশ্চিত , কেউ এসে আমাকে ব্যাখ্যা করবে, এটা কেন হ্যান্ডবল নয়। আমি জানি না কীভাবে? বলছি না রেফারি দেখতে পেরেছে। কারণ, আমি জানি না সে তখন কোথায় ছিল। কিন্তু কীভাবে অফিসে (ভিএআরের জন্য মনিটরের সামনে বসে থাকা কর্মকর্তা) বসে একজন এটা দেখার পর এই সিদ্ধান্তে আসতে পারে যে ঘটনাটি রেফারির আরেকবার দেখার মতো নয়?’
গতকাল ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিন উদ্যাপন করতে পেরেই খুশি আর্সেনাল। তাই আর্সেনাল কোচ মিকেল আরতেতাও এসব নিয়ে ভাবতে চাইছেন না। এই ঘটনা নিয়ে আরতেতা বলছেন, ‘দুটি বড় সিদ্ধান্ত ছিল। আমি ঘটনা দুটি দেখিনি। আমাকে আগেও জিজ্ঞাসা করা হয়েছিল, তবে আমি দেখিনি।’