প্রায় ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর (২৪ ডিসেম্বরে) রবিবার সকাল ১০টা ৪০ থেকে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম দেশ রূপান্তরকে মুঠোফোনে ফেরি চলাচল শুরুর তথ্য নিশ্চিত করেছেন।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে আটকে পড়ে ছোট বড় মিলিয়ে শতাধিক যানবাহন, এতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনের চালক ও যাত্রীদের ফেরি চলাচল শুরু না হওয়া পর্যন্ত ঘাটে অপেক্ষা করতে হয় পারাপারের জন্য। এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন দৌলতদিয়া ঘাট শাখার ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম দেশ রূপান্তরকে বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে পদ্মা ও এর আশেপাশের এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। ফলে ব্যাহত হচ্ছিলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। পরে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে রবিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।