গাজার সমর্থনে নতুন লোগো খাজার, আইসিসির না

গাজায় নিরীহ শিশুদের হত্যার প্রতিবাদে জুতায় মানবতাবাদী লোগো ব্যবহার করতে চেয়েছিলেন উসমান খাজা। এজন্য আইসিসির কাছে অনুমতি চেয়ে আবেদনও করেছিলেন। তবে তা প্রত্যাখান করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার হয়ে কালো কবুতরের লোগো পরে এমসিজিতে অনুশীলন করেছেন খাজা। ডান পায়ের জুতায় লোগোটি দেখা গেছে। এছাড়া ব্যাটের পেছনেও আরেকটি ছিল।

লোগো নিয়ের আইসিসির সার্বজনীন মানবাধিকার বিষয়ের প্রথম অনুচ্ছেদে বলা আছে, 'সমস্ত মানুষ জন্ম নেয় সমানভাবে স্বাধীনতা, মর্যাদা ও অধিকার নিয়ে। তারা যুক্তি এবং বিবেকের অধিকারী এবং ভ্রাতৃত্বের চেতনায় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা উচিত।'

এমসিজি টেস্টের আগে খাজা ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন উভয়ের সঙ্গে লোগোটি নিয়ে আলোচনা করেছিলেন। কেউই কোনো আপত্তি তুলেনি। তবে রবিবার সকালে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, তার এই লোগো ব্যবহারের আবেদনটি গৃহীত হয়নি।

এ বিষয়ে তার সঙ্গে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে গত শুক্রবার এ নিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন।

তিনি বলেন, 'আমি সব নিয়ম কানুন মেনে চলেছি, অতীতের উদাহরণ অনুসরণ করেছি, যারা তাদের ব্যাটে স্টিকার লাগিয়েছে, জুতায় নাম রেখেছে, অতীতে আইসিসির অনুমোদন ছাড়াই সব ধরনের কাজ করেছে এবং কখনও তিরস্কার করা হয়নি। আমি আইসিসি এবং তাদের নিয়মকানুনকে সম্মান করি।'