কিডনি নষ্ট হয়ে অভিনেতার মৃত্যু, তারকাদের শোক 

প্রয়াত হলেন দক্ষিণী কৌতুক অভিনেতা বন্দা মণি। বহুদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ২৩ ডিসেম্বর রাতে তার হঠাৎই মৃত্যু হয়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬০ বছর।

জানা গেছে, শনিবার বন্দা মণি চেন্নাইয়ের পোজিচালুরে নিজের বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান। পরিবারের লোকজন তাকে দ্রুত ক্রোমপেটের সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন।

দক্ষিণী কৌতুক অভিনেতা বন্দা মণিকে শ্রদ্ধা জানাতে তার মরদেহ পজিচালুরে তার বাসভবনে বেশ কিছুক্ষণ রাখা হয়। এরপর ২৩ ডিসেম্বর, শনিবার ক্রোমপেটের শ্মশানে বিকেল ৫টার সময় তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্য়ুকালে তিনি রেখে গেলেন স্ত্রী মালতী, এক ছেলে ও এক মেয়েকে।

২০২২-এর সেপ্টেম্বর মাসে জানা গিয়েছিল অভিনেতা বন্দা মণির দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। সেসময় অসুস্থ বন্দা মণির এক যন্ত্রণাদায়ক ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছিল। সেটা দেখে সেসময় দক্ষিণের অভিনেতা ধআনুশ এবং বিজয় সেতুপতি অভিনেতার চিকিৎসার জন্য ১ লক্ষ রুপি অনুদান দিয়েছিলেন। 

বন্দা মণি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় কৌতুকশিল্পী, যিনি বহু তামিল ছবিতে অভিনয় করেছেন। বহু দক্ষিণী তারকা সোশ্যাল মিডিয়ায়  কৌতুক অভিনেতা বন্দা মণির মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।