হামাস ও ইসলামিক জিহাদ গ্রুপের ২০০ যোদ্ধাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
শনিবার, আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে যে, গত সপ্তাহে গাজা উপত্যকায় ২০০ জনেরও বেশি হামাস ও ইসলামিক জিহাদ গ্রুপের যোদ্ধাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস ইসরায়েল।
বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গ্রেপ্তার হওয়া যোদ্ধারা বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে ছিল এবং তারা স্বেচ্ছায় আত্মসমর্পন করেছিল।
আইডিএফ আরও জানিয়েছে, স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৭০০ জনেরও বেশি যোদ্ধাকে বন্দী করে ইসরায়েলে আনা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, শনিবার গাজা শহরের দক্ষিণ অংশে স্থল অভিযানের সময় ইফতাহ রিজার্ভ ব্রিগেডের সৈন্যরা হামাসের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে কয়েক ডজন যোদ্ধাকে হত্যা করেছে।
এছাড়াও দক্ষিণ গাজা সিটি এলাকায়, ইফতাহ ব্রিগেডের স্নাইপাররা বেশ কয়েকজন হামাস বন্দুকধারীকে হত্যা করেছে। হামাসের ওই যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে আইডিএফ। এছাড়া ওই এলাকায় হামাসের ব্যবহৃত অন্যান্য ভবনগুলোকে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামাস নির্মূল করাসহ সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাবে। ইতিমধ্যে তারা গাজা উপত্যকার উত্তর অঞ্চল প্রায় সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং দক্ষিণ দিকে অভিযানের তীব্রতা বাড়িয়েছে।