হানিফ-আতাকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র  করে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-৭৭, কুষ্টিয়া-৩ অঞ্চলে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিক এমপি ও তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে শোকজ নোটিশ প্রেরণ করেছে।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান মুহাম্মদ মাযহারুল ইসলাম স্বাক্ষরিত ওই কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব সশরীরে হাজির হয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকাল ১১টায় অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের কার্যালয়ে হাজির হয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পৃথকভাবে এই দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে আনীত অভিন্ন অভিযোগে উল্লেখ করা হয়েছে- ২৪/১২/২০২৩ খ্রি. তারিখের আপনি (জনাব মাহবুবউল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী, কুষ্টিয়া-০৩)। কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ আয়োজনে 'শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ' বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও জাতীয় নতুন শিক্ষা কালিকুলাম ২০২১ শীর্ষক ০৭ দিন ব্যাপী ট্রেনিং এর শেষ দিন ২৪/১২/২০২৩ তারিখে শিক্ষকদের ট্রেনিং শুরু করার পূর্বে নির্বাচনী জনসভা করার জন্য বাধ্য করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। আপনার উক্ত কার্য জাতীয় সংসদ নিবার্চন আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ এর লঙ্ঘন।

এবিষয়ে মন্তব্য জানতে চেয়ে মুঠোফোনে একাধিকবার কল দিলেও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা রিসিভ না করে কল কেটে দেন। খুদে বার্তা প্রেরণ করে তার কোনো সাড়া পাওয়া যায়নি। 

তবে এবিষয়ে মন্তব্য জানতে মাহবুবউল আলম হানিফের মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ‘কোনো নোটিশের কথা এখনও আমি জানি না। ওসব কিছু না। এ নিয়ে এত পেরেশানির কিছু নেই’।