আইপিএলে মিচেল স্টার্ক খুব বেশি খেলেননি। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাত্র দুই মৌসুমে দেখা গেছে তাকে। বেশ কয়েক বছর ধরে এই প্রতিযোগিতায় না খেলা অস্ট্রেলিয়ান তারকা পেসার এবার ফিরেছেন রেকর্ড গড়ে। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
২০১৪ ও ২০১৫ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন স্টার্ক। ২০১৮ মৌসুমের নিলাম থেকে তাকে ৯ কোটি ৪০ লাখ রুপিতে দলে টানে কলকাতা। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি। মেলবোর্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাঁহাতি এই পেসার জানালেন, আগামী বছর অস্ট্রেলিয়ার টেস্ট কম আছে বলেই আইপিএলের নিলামে এবার নাম দিয়েছেন তিনি, 'লাল বলের ক্রিকেটই এখন পর্যন্ত আমার কাছে চূড়ায়। টেস্ট ক্রিকেট নিয়ে আমার নিজের চাওয়ার আগে শরীরই আমাকে জানান দেবে (কখন থামতে হবে)। আগামী বছর একটু সুযোগ আছে (আইপিএল খেলার)। অস্ট্রেলিয়ার এবারের শীত মৌসুমে খেলা খুব বেশি নেই। মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর অস্ট্রেলিয়ান গ্রীষ্মের আগ পর্যন্ত (অক্টোবর) কোনো টেস্ট ম্যাচ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে (আগামী জুনে)। আইপিএলে যে মানের ক্রিকেট হয়, তাতে বিশ্বকাপের পথে ভালোভাবে এগিয়ে যাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটের সূচির দিক থেকে আগামী বছর ব্যস্ততা বেশ কম।'
মৌসুমের পর মৌসুম সম্ভাব্য মিলিয়ন ডলারের ডাকে সাড়া না দিলেও এ নিয়ে কোনো আক্ষেপ নেই স্টার্কের, 'যখনই আমাকে জিজ্ঞেস করা হয়েছে, সবসময়ই বলেছি যে, আমি প্রাধান্য দেই টেস্ট ক্রিকেটকে। ক্রিকেট থেকে দূরে থাকার ওই সময়টুকু অ্যালিসার (হিলি) সঙ্গে কাটিয়েছে, পরিবারিক সময় কাটিয়েছি এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য নিজেকে তরতাজা করেছি ও ফিট রাখার চেষ্টা করেছি। কাজেই এটা নিয়ে আক্ষেপ নেই আমার।'