পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সন্ত্রাসীদের প্রমোট করলে বিদেশিদেরও বারোটা বাজবে। সন্ত্রাসীদের কোথায়ও জায়গা নেই। যারা ভোটে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালে ব্যস্ত।’
রবিবার (২৪ ডিসেম্বর) সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না, জনগণও তা মেনে নেবে না।’
ড. মোমেন বলেন, ‘কোনো নির্বাচন সহজ না। নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার অবকাশ নেই। তবে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। আমরা গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী।’
তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন। এখন সবখানে নির্বাচনী জোয়ার উঠেছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। সিলেটের অধিকাংশ আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় আমরা দেখতে চাই।’
গত বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য একে আবদুল মোমেন। রবিবার সকালে তিনি নগরীর সোবহানীঘাট এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
প্রচারণার সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।