এ কে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের অনুসারীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে। 

আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শামীম হকের অনুসারী গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হকের নেতৃত্বে একই ইউনিয়নের আবুল ফয়েজ মজিবর বিদ্যালয় এলাকায় এ হামলা চালানো হয়। 

হামলায় আহত খবির নামের এক কর্মীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, হামলাকারীরা মোটরসাইকেলে এসে এ কে আজাদের নির্বাচনী ক্যাম্প থেকে দুজনকে ডেকে নিয়ে লাঠিসোটা ও হকিস্টিক দিয়ে মারধর করে। পরে হামলাকারীরা ক্যাম্পে ভাঙচুর চালায়। 

গেরদা ইউনিয়নে এ কে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রিয়াদ মিয়া বলেন, এমার হকের নেতৃত্বে হামলাকারীরা মোটরসাইকেলে এসে আমাদের ক্যাম্প থেকে দু'জনকে ডেকে নিয়ে মারধর করে। 

কে বা কারা এসে এ কে আজাদের ক্যাম্পে হামলা চালিয়েছে তা জানেন বলে জানিয়েছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক। 

ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক আব্দুর গাফফার বলেন, গেরদায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।