২০০ বছরের পুরনো খাল দখল করে দোকান

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ২০০ বছরের পুরানো সরকারি খাল দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে দাউদ হোসেন মিরনের বিরুদ্ধে। এ ঘটনায় মান্দারী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আমিনুল আহচানের কাছে অভিযোগ জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

এলাকাবাসী আরও জানান, বিষয়টি ইউনিয়ন ভূমি অফিসকে জানানোর পরও গত ১৫ দিনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মান্দারী-গন্ধব্যপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আমির হোসেন জানান, মান্দারী-গন্ধব্যপুর খালটি ২০০ বছরের পুরানো। এই খালটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এবং প্রস্থ ২৫ থেকে ৩০ ফুট। ২০০৫-০৬ অর্থবছরে খালটি সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়। ২০০৭-০৮ সালে খালটি সংস্কার করা হয় এলজিইডির মাধ্যমে। মান্দারী এলাকার ২০০০ একরের বেশি জমিতে ইরি চাষ করা হয় এই খালের পানি দিয়ে। বর্তমানে খালটির দুই পাড়ে অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করছে। এ ছাড়া খালের দুই পাড়ের বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলে পানি দূষণ করছেন।

মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুউদ্দিন সাজু দুঃখ করে বলেন, প্রভাবশালীরা খাল দখল করছেন। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। ব্যবসায়ী নূরুল ইসলাম চন্দন বলেন, ‘দখলে মদদ না থাকলে ইউনিয়ন ভূমি অফিস ব্যবস্থা নিচ্ছে না কেন?’

দাউদ হোসেন মিরন বলেন, ‘খালের মধ্যে আমার নিজের জমি রয়েছে, সেখানে ঘর নির্মাণ করছি।’

স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আমিনুল আহচান খাল দখলে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং একপর্যায়ে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেনকে অবগত করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।