আচরণবিধি ভঙ্গ

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি : ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো প্রার্থিতা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ‘সিদ্ধান্ত হলে আমরা বাতিল করতে পারি।’ গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার।

মো. আলমগীর বলেন, ‘প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। শোকজ করেন রিটার্নিং অফিসাররা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা কিংবা মামলাও করা হয়েছে। প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আমরা বাতিল করতে পারি। কোন কোন ক্ষেত্রে প্রার্থিতা বাতিল হয় তা আইনে বলা আছে।’

প্রার্থিতা বাতিল নিয়ে ইসি আনিছুরের গত শনিবারের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মো. আলমগীর বলেন, ‘যিনি বলেছেন তাকেই জিজ্ঞাসা করতে হবে। আমি তো এমন কথা বলতে পারি না। আমরা তো এখনো রিপোর্টই পাইনি। কার প্রার্থিতা বাতিল করব, কার প্রার্থিতা বাতিল করব না, সেটি অগ্রিম বলা যাবে না। রিপোর্ট আসার পর দেখতে হবে, সেখানে কী আছে। রিপোর্ট হাতে এলে তখন আমরা বসব, আলোচনা করে দেখব এবং নিয়ম অনুযায়ী তার কথাও আমাদের শুনতে হবে। তাকে বলতে হবে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী। তারপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

মো. আলমগীর আরও বলেন, ‘একজন প্রার্থী আচরণবিধির কতটুকু ভঙ্গ করছেন, সেই মাত্রাটাও দেখতে হবে। বড় ধরনের ভঙ্গ করলে তার ছোট শাস্তি দেওয়া যাবে না। আর ছোট ধরনের ভঙ্গ করলে তো তাকে বড় শাস্তি দেওয়া যাবে না।’

বিএনপি নির্বাচনে থাকলে ভালো হতো উল্লেখ করে তিনি বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করছে না। সেটা আমরা অস্বীকার করছি না।’