ট্রেনে নাশকতা ঠেকাতে বসছে ক্যামেরা : আইজিপি

ট্রেনে নাশকতা প্রতিরোধে স্টেশনসহ বিভিন্ন কৌশলগত স্থানে আইপি ক্যামেরা বসানোর কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। গতকাল রবিবার রাতে রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারসহ ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘ট্রেনে নাশকতা প্রতিরোধে কম্পার্টমেন্টসহ বাইরে কৌশলগত স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। স্টেশনসহ বিভিন্ন স্থানে আমরা আইপি ক্যামেরা স্থাপন করছি। এ কার্যক্রম শুরু হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শেষ করতে চেষ্টা করব। এ ছাড়া রেলের স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিভিন্ন স্থানে পুলিশসহ পুলিশকে সহায়তার জন্য আনসার বাহিনীকে নিয়োজিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুষ্কৃতকারী ও নাশকতাকারীরা বিভিন্ন কর্মসূচির নামে নির্বাচন বিরোধী কার্যক্রম প্রকাশ্যে করতে পারছে না। কারণ তাদের কর্মসূচিতে জনসমর্থন নেই। আমরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গোয়েন্দা সংস্থাসহ সব সংস্থা একসঙ্গে কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তারপরও নাশকতামূলক দুয়েকটি ঘটনা ঘটছে। তবে সাধারণ মানুষ নাশকতাকারীদের ধরে আমাদের হাতে দিচ্ছে। মানুষ আমাদের সহায়তা করছে।’

এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘নির্বাচনকালীন স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। যেখানে যে ঘটনা ঘটছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে দেশের পরিস্থিতি অবনতির চেষ্টা করলে বা কোথাও কেউ প্রতিপক্ষকে আক্রমণের চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’