যশোর সদর উপজেলার চূড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন রেলক্রসিংয়ের পাহারাদার। গতকাল রবিবার সকালে ঘন কুয়াশার মধ্যে এ ঘটনা ঘটেছে।
যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন ট্রাকচালক ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামের পারভেজ (২৬) ও সহকারী একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নাজমুল হাসান (২৮)।
রেলক্রসিংয়ের পাহারার দায়িত্বে থাকা সজল কুমার বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ট্রাকটি ভুসি মাল বোঝাই করে যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। রেলক্রসিং পার হওয়ার সময় খুলনামুখী ট্রেন রকেট মেইলের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
আহত সজল জানিয়েছেন, তিনি ট্রাকটি থামানোর চেষ্টা করেছিলেন। এ সময় সংঘর্ষ হলে ট্রাকের যন্ত্রাংশের ধাক্কায় তিনি আহত হন।