আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস 

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিন সকাল ১১টায় ঢাকার বাতাসের স্কোর ২৩৯। বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। গতকাল একই সময়ে ঢাকার বাতাসের স্কোর ছিল ২৪৯। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আজ ৩৪৩ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে পাকিস্তানের লাহোর। ভারতের শহর কোলকাতা ও দিল্লি যথাক্রমে ২৬৮ ও ২৪১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আর ২১০ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম স্থানে চীনের শহর শেনিয়াং। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।