উৎসবের দিনেও গণহত্যা থেমে নেই ইসরায়েলি বাহিনীর। খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড় দিনেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রে আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।
ওই এলাকায় বিপুল সংখ্যক পরিবারের বসবাসের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন একজন মুখপাত্র। খবর আল জাজিরা ও বিবিসি।
তবে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছে যে তারা বিমান হামলার বিষয়টি খতিয়ে দেখছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, রোববার গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রার মতে, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ব্লক ধ্বংস করা হয়েছে।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে যে ইসরায়েলি তীব্র বিমান হামলার ফলে মাগাজি এবং অন্য দুটি শরণার্থী শিবির, আল-বুরিজ এবং আল-নুসিরাতের মধ্যে প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যার ফলে অ্যাম্বুলেন্স প্রবেশে এবং উদ্ধারকারী দলের কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে যিশুখ্রিষ্টের জন্মদিনেও যিশুর জন্মস্থান বেথলেহেমসহ জেনিন শরণার্থী শিবির, বালাতা শরণার্থী শিবির, নাবলুস, তুবাস এবং কালকিলিয়াতে জোরদার অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা।
এ সময় জেনিনে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ভারী গুলি বিনিময় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানায় আল জাজিরা।