হামাসের টানেল থেকে ৫ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে হামাসের একটি সুড়ঙ্গ থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করার দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

রবিবার এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, "ইসরায়েলি বাহিনী উত্তর গাজা উপত্যকার জাবালিয়া অঞ্চলে হামাসের একটি সুড়ঙ্গের নেটওয়ার্ক উন্মোচন করেছে এবং সেখানে নিহত পাঁচ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে।"

তিনি আরও জানান, "সামরিক বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে চায়, শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই সেখানে কার্যক্রম সম্প্রসারণ করা হবে।"

কয়েকদিন আগেই হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছিল যে, পাঁচজন ইসরায়েলি বন্দিকে আটক রাখা একটি দলের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ওই বন্দিরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে।

এছাড়া কিছু দিন আগে আল-কাসাম ব্রিগেডসের প্রকাশিত একটি ভিডিওতে এই পাঁচ বন্দির মধ্যে তিনজনকে দেখানো হয়েছিল। ভিডিওতে বন্দিরা তাদের মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

মৃত অবস্থায় উদ্ধার এই পাঁচ বন্দির তিনজন সেনাসদস্য ও দুজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। তবে তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন ড্যানিয়েল হাগারি।

ইসয়ারেয়লি সামরিক বাহিনীর তথ্যমতে, উত্তর গাজায় আবিষ্কৃত হামাসের পুরো টানেল নেটওয়ার্কটি প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

গাজা উপত্যকায় স্থল আক্রমণকে ‘জটিল’ হিসাবে বর্ণনা করে ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমাদের পক্ষে হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা অসম্ভব।‘