পাকিস্তানে গত দুই বছরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯২ জন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই।
প্রতিবেদনে আরও বলা হয়, আফগান বংশোদ্ভূত সন্ত্রাসীরা ২০২৩ সালে পাকিস্তানজুড়ে ৫০টি সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামিক আমিরাত। তারা বলছে, আফগান নাগরিকরা সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত তা পাকিস্তানকে প্রমাণ করতে হবে।
সিটিডির প্রতিবেদন অনুযায়ী, আফগানরা ২০২২ সালে ১৯টি সন্ত্রাসী হামলায় জড়িত ছিল। ১৪টি চাঁদাবাজির ঘটনায় সহায়তা করেছিল এবং তাদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, যদি আফগানদের কোনো ঘটনার জন্য আটক করা হয়, তার মানে এই নয় যে ঘটনাটি আফগান জনগণ বা আমাদের সরকারের ইচ্ছার প্রতিফলন। বিগত বছরগুলোয় দায়েশের বিরুদ্ধে আমরাও অভিযান চালিয়েছি। এ অভিযানে ৪২ জন পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।
অবশ্য তালিবান ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদ অভিযোগ করে আসছে, পাকিস্তানে হামলা চালাতে আফগান ভূখণ্ড ব্যবহার করছে সন্ত্রাসীরা। যদিও বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান সবসময় আফগান সরকারের সঙ্গে শত্রুতা চায়। অজুহাতের কারণে তারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে।