পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কাঁচা বাড়ির ছাদ ধসে আট শিশুসহ এক মায়ের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রবিবার অ্যাবোটাবাদের তাহারি গ্রামের এ ঘটনায় একই পরিবারের ৯ জন মারা যায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে সাতটি লাশ উদ্ধার করে। পরে আরও দুই সদস্যের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুদের মধ্যে চারজন মেয়ে ও চারজন ছেলে। নিহত নারী স্থানীয় বাসিন্দা জাকিরের স্ত্রী বলে জানা গেছে।
খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আরশাদ হুসেন এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী কর্মকর্তারা তিনটি অ্যাম্বুলেন্স এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়িটি কাঠ এবং মাটির তৈরি হওয়ায় দ্রুত আগুন ধরে গিয়েছিল।