খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক হাজার চারজন কারাবন্দীকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কার সরকার। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে ১৫ নারী জন এবং ৯৮৯ জন পুরুষ। কলম্বোর প্রধান কারাগারের প্রিজন কমিশনার গামিনি দিশানায়েক এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা ডয়চে ভেলে জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ বিশেষ বিবেচনায় দেশের বিভিন্ন কারাগারে বন্দী আসামিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
প্রিজন কমিশনার গামিনি দিশানায়েক বলেন, বিভিন্ন অপরাধে এই বন্দীদের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছিল। তবে কারাদণ্ডের মেয়াদ শেষ হলেও তারা জরিমানার অর্থ পরিশোধ করতে পারছিলেন না।
এর আগে চলতি বছরের মে মাসে শ্রীলঙ্কার প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ জয়ন্তীর সময় এক হাজারের বেশি কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়া সম্প্রতি দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে ১৩ হাজার ৬৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সঙ্গে আটক করা হয় এক হাজার ১০০ মাদকাসক্তকে।
অবশ্য শ্রীলঙ্কার কারাগারগুলোয় ধারণক্ষমতার তুলনায় কারাবন্দীর সংখ্যা অনেক বেশি। শুক্রবার পর্যন্ত, সরকারি তথ্য অনুসারে ১১ হাজার ধারণক্ষমতার কারাগারে গাদাগাদি করে রাখা হয়েছে অন্তত ৩০ হাজার বন্দীকে।