দিনে-দুপুরে রেললাইনের রিং খুলে নাশকতার চেষ্টা

ফেনীর ফাজিলপুর রেলস্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের স্লিপারের রিং স্পাইক (ক্লিপ) খুলে নেওয়ার সময় দুর্বৃত্তদের ধাওয়া করেছেন আনসার সদস্যরা। এ সময় ১২টি ক্লিপ রেখে পালিয়ে যায় তারা। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় এই ঘটনা ঘটেছে  বলে জানা গেছে। ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছে 

এর আগে নাশকতা এড়াতে গত শনিবার ফেনীর ২৮ কিলোমিটার রেললাইনে ১৩০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়। এর দুই দিনের মাথায় দুর্বৃত্তদের রেললাইনের নাশকতার চেষ্টা প্রতিহত করেছেন তারা। 
 
ফেনী ফাজিলপুর রেলস্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেললাইন ঠিক করা হয়েছে। ট্রেন চলাচলে অসুবিধা হয়নি। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের পাশাপাশি ফেনীর রেলপথ সংলগ্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া রেল পুলিশের কয়েকটি টিম ফেনীর ২৮ কিলোমিটার রেলপথ ও রেল ষ্টেশনে সর্তক পাহারায় রয়েছে। এর মধ্যে ফেনী ষ্টেশন, শর্শদী, ধুমঘাট, ফাজিলপুর, কালিদহ সহ রেললাইনের চারটি, ছাগলনাইয়া উপজেলায় ১১টি স্টেশনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।