পাকিস্তানে ২০২৩ সালে আত্মঘাতী হামলার ঘটনা আগের বছরের চেয়ে ৯৩ শতাংশ বেড়েছে; একইসঙ্গে তা ২০১৪ সালের পর সর্বোচ্চ বলে জানা গেছে। সম্প্রতি পাকিস্তানের ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে দেশজুড়ে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে মৃত্যু হয়েছে ৩২৯ জনের এবং আহত হয়েছে প্রায় ৫৮২ জন। পিআইসিএসএস বলছে, ২০১৩ সালে পাকিস্তানে ৪৭টি আত্মঘাতী বোমা হামলায় ৬৮৩ জনের প্রাণহানি ঘটে। এরপর গত এক দশকে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
পিআইসিএসএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশজুড়ে ৬২৩টি জঙ্গি হামলা হয়েছে। ২০২২ সালে এ ধরনের হামলার ঘটনা ছিল ৩৮০টি। অপরদিকে ২০২৩ সালে মোট হামলার মধ্যে ২৯টি আত্মঘাতী হলেও ২০২২ সালে তা ছিল ১৫টি।