কারাবন্দি বিএনপি নেতা মো. শফিউদ্দিন (৭২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বজনরা জানান, গত ২৬ নভেম্বর দিবাগত রাতে কাপাসিয়া থানা পুলিশ তাকে ডোয়াইপাখুরীর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে ২০২২ সালের ১৬ নভেম্বর একটি পুরনো বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায়। থানা পুলিশ ওই সময় তার ১০ দিনের রিমান্ড চায়। অসুস্থ ও বয়োবৃদ্ধ শফিউদ্দিনকে আদালত জামিন নামঞ্জুর করে এবং রিমান্ড না দিয়ে কারাগারে পাঠান।
তারা আরও জানান, কারাবাসে থাকাকালে তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দফা চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ গত ১০ দিন আগে অসুস্থ অবস্থায় তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আজ সোমবার বিকাল সোয়া তিনটার সময় তিনি মারা যান। কারাগারের তত্ত্বাবধানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রবীণ বিএনপি নেতা মো. শফিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা।