রাজধানীর হোটেল রেডিসন এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তাররা হলেন অমিত কুমার সাউ ও মো. আসফাক। গতকাল রবিবার রাত ৯টায় তাদের গ্রেপ্তার করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান বলেন, কয়েকজন ব্যক্তি বিদেশি মদসহ হোটেল রেডিসন এলাকায় অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ৪০ বোতল বিদেশি মদসহ দুজন গ্রেপ্তার হন।
গ্রেপ্তার অমিতের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আসফাকের কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো. এরশাদুর রহমান জানান, গ্রেপ্তাররা ভারতের পশ্চিমবঙ্গ ও কলকাতা থেকে মদ সংগ্রহ করে ট্রেনে বাংলাদেশে এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তারা সঙ্গে থাকা বিদেশি মদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।