নৌকার মঞ্চে উঠেও রেহাই পেলেন না বিএনপি নেতা

নাশকতা মামলায় পলাতক থাকা অবস্থায় নৌকার মঞ্চে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মতিউর রহমান রাজা। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, মামলার হাত থেকে বাঁচতেই বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মঞ্চে বক্তব্য দিয়েছিলেন বলে তিনি। তবে শেষ রক্ষা হয়নি, গতকাল  সোমবার বিকেল ৩টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মতিউর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলম।

২৪ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার সভায় নৌকা প্রার্থীকে বিজয়ী করতে বক্তব্য দিয়েছিলেন মতিউর রহমান রাজা। বক্তব্যে বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেওয়া হবে, নয়তো চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যাহতি নেবেন; এমন অঙ্গীকারও করেন।

যদিও জেলা বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মতিউর রহমান রাজা গত ইউপি নির্বাচনে সদরের বরদখালী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি জেলা বিএনপি (হালিম-নজরুল কমিটির) কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থীও ছিলেন মতিউর রহমান রাজা।

বরগুনা সদর থানা সূত্রে পাওয়া তথ্যমতে, চলতি বছরের নভেম্বর মাসে সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় রাস্তায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে দলটির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামি করা হয়।

ওই মামলার বাদী বরগুনা সদর থানার এসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ জানান, বরগুনা সদর থানার এসআই নুরুজ্জামান মামলাটি তদন্ত করছেন।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বশিরুল আলম বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মতিউর রহমান রাজা বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোজাম্মেল হোসেন বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামি মতিউর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে।