অপহরণের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুই পুলিশ সদস্য বাহিনীটির অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত রয়েছেন বলে জানিয়েছে ডিবি। গতকাল সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
এর আগে গত রবিবার ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) একটি দল দুই সিআইডি সদস্যসহ একজনকে গ্রেপ্তার করে। তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম (৩৯), কনস্টেবল আবু সাঈদ (৩২) ও ময়মনসিংহের মুক্তাগাছার শরীফ হোসেন (২৬)। এ ঘটনায় গত ৩ ডিসেম্বর গ্রেপ্তার হন বরিশালের উজিরপুরের মো. ইমন (২১) ও আব্দুল্লাহ আল ফাহিম (২১)।
অতিরিক্ত কমিশনার হারুন বলেন, গত আগস্ট মাসে ভাটারা থানায় এক ট্রাভেল ব্যবসায়ী থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, সিআইডি পরিচয় দিয়ে ফোন করে ধরে নিয়ে টাকাপয়সা আদায় শেষে বিভিন্ন স্থানে ফেলে যেত। এমন বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি তদন্তে নামে। একপর্যায়ে বরিশাল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দিতে অপহরণ ও টাকা আদায়ের কথা স্বীকার করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘যে দুজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডে আনা হবে। তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে আর কেউ জাড়িত আছেন কি না। অথবা বর্তমান ও সাবেক কোনো পুলিশ সদস্য জড়িত আছেন কি না, আমরা জানার চেষ্টা করব।’
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী মো. মোস্তাফিজুর রহমানকে (২৮) রাজধানীর দক্ষিণ কুড়িলের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে পূর্বাচলের নির্জন এলাকায় নিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। পরে ৫ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয় তার কাছ থেকে।