শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে টিএসসি স্টেশন থেকে উত্তরার দিয়াবাড়ী পর্যন্ত মেট্রোরেল ভ্রমণ করেন উপাচার্য। পরে দিয়াবাড়ীতে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ‘আমরা জানি এটি একটি ব্যয়বহুল প্রকল্প। তারপরও মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমাদের একটি আবেদন থাকল যে, আমাদের শিক্ষার্থীরা যাতে মেট্রোরেলের সুবিধা ভোগ করতে পারে, তাই তাদের জন্য যেন একটি কনসেশনের ব্যবস্থা করেন। আমাদের শিক্ষার্থীরা সচরাচর মেট্রোরেলে ভ্রমণ করতে পারলে মেট্রোরেল ব্যবহারের সুযোগ-সুবিধা, সরকারের উন্নয়ন এবং উন্নত বিশ্বের সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা পাবে। ফলে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে গর্ববোধ করবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় আরও দৃঢ়তর হবে।’
উপাচার্য বলেন, মেট্রোরেল রাজধানীবাসীর দ্রুত ও আরামদায়ক যোগাযোগের ক্ষেত্রে এক মাইলফলক।