নৌকায় ভোট না দিলে সেবা বন্ধ

রূপগঞ্জ ছাত্রলীগের সেই নেতাকে গ্রেপ্তারের নির্দেশ

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধের হুমকি দেওয়া রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তিনি বলেন, ‘ওই ছাত্রলীগ নেতাকে ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যিনি বলেছিলেন নৌকায় ভোট না দিলে এলাকায় পানি-বিদ্যুৎ-গ্যাস সংযোগ থাকবে না। পুলিশ তাকে খুঁজছে, শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

গোলাম মোস্তফা আরও বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। এমন সময় ছাত্রলীগ নেতার বক্তব্যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া তার বক্তব্যের মধ্যে নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন হয়েছে।’

এর আগে, গত শনিবার সন্ধ্যায় মুড়াপাড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী আলোচনা সভায় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজীকে মনোনয়ন দিয়েছেন। তাই নৌকায় ভোট দিতে হবে। তা না হলে পানি, বিদ্যুৎ বা গ্যাস সংযোগ থাকবে না।’ তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে এ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার রবিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে ওই বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্রলীগ নেতা শেখ ফরিদ ভূঁইয়া মাসুম বলেন, বিপক্ষের প্রার্থীরা তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করছেন।