সম্প্রতি আরব সাগরের ভারতীয় উপকূলে পর পর দুটি বাণিজ্যিক জাহাজে হামলা ঘটনা ঘটেছে। এমন হামলা ঠেকাতে এবার তিনটি যুদ্ধজাহাজ ও একটি নজরজারি জাহাজ মোতায়েন করেছে ভারত। গতকাল সোমবার এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানায়, সম্ভাব্য হামলা মোকাবিলায় ইতিমধ্যেই তিনটি যুদ্ধজাহাজ আরব সাগরে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, দু’টি বাণিজ্যিক জাহাজে হামলার পর নৌবাহিনী একটি নজরদারি জাহাজ ও তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এখন হামলা ঠেকাতে আরব সাগরে থাকবে আইএনএস মরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা।
গত শনিবার আরব সাগরে ভারতীয় উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি চেম প্লুটো নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। জাহাজটি ভারতের নিউ ম্যাঙ্গালোর বন্দরে আসছিল। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলা চালাতে পারে। এর আগে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কিছু জাহাজে হামলা চালায়। জাহাজটি মুম্বাই বন্দরে নিয়ে আসার পর এটিতে তল্লাশি চালায় নৌবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞদল। তারা জাহাজটির ক্ষত পরীক্ষা করে বিস্ফোরকের ধরন যাচাই করেন। সব বিবেচনায় নিয়ে তারা জানিয়েছেন জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল।’
এদিকে পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, ‘এমভি চেম প্লুটো জাহাজে হামলা চালিয়েছে ইরানের ড্রোন।’ তবে ভারত এখনো সরাসরি কাউকে দোষারোপ করেনি।