প্রকাশ্যে বিপাশা কন্যা, বাচ্চার গায়ের রঙ নিয়ে কটাক্ষ

আলিয়া ভাট ও রণবীর কাপুর বড়দিনে মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন। অন্যদিকে একইদিনে মেয়ের মুখ দেখালেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিপাশার ছোট্ট মেয়েকে দেখে যখন নেটিজেনদের মন ভালো হওয়ার কথা ঠিক তখনই বাচ্চার উপর নেমে এল কদর্য আক্রমণ। নেপথ্যে তার গায়ের রঙ।

অনেকেই বলে দিলেন, সে নাকি বিপাশার সন্তানই না। কেন? দেবীর গায়ের রঙ ফর্সা। বিপাশার শ্যামবর্ণা– সে কারণে দেবীকে তার মেয়ে বলতে নারাজ অনেকেই। শুধু কি তাই? বিপাশার গায়ের রঙ নিয়ে কথা বলতেও ছাড়লেন না কেউ কেউ। যদিও সমালোচকদের বিরুদ্ধে গিয়ে বিপাশার ভক্তরা মনে করিয়ে দিয়েছেন দেবীর বাবা করণ সিং গ্রোভারের উজ্জ্বল রঙের কথা। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন,‘ওই টুকু বাচ্চার রঙ নিয়েও এমন নোংরামি?’

ক্যারিয়ারে বহুবার বিপাশাকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। ‘কালি বিল্লি’ বলে ডেকেছিলেন কারিনা কাপুর। এরকম উদাহরণ রয়েছে আরও। যদিও দিন যত এগিয়েছে বিপাশার গায়ের রঙই তাকে এনে দিয়েছে স্বতন্ত্রতা। সবার থেকে করে দিয়েছে একদমই আলাদা।