বিএনপির ইউপি চেয়ারম্যান বললেন ‘আমি নৌকায় ভোট চাই’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর, আমতলী-তালতলী) আসনে নৌকা প্রতীকে ভোট চাইলেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরাজী মো. ইউনুচ। নৌকা প্রতীকে ভোট চাওয়ার একটি ভিডিও ফেজবুকে ভাইরাল হয়েছে। এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতার ভেতরে চলছে আলোচনা-সমালোচনা।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলার লাউপাড়া স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত নৌকা প্রতীকের পথসভায় নৌকায় ভোট চান ফরাজী মো. ইউনুচ। এসময় উপস্থিত ছিলেন বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফরাজী মো. ইউনুচ উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। গত ২০২২ সালের ইউপি নির্বাচনে ফরাজী মো. ইউনুচ ওই ইউনিয়নে নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

বিএনপি নেতা ফরাজী মো. ইউনুচ বলেন, বর্তমান সংসদ সদস্যর কাছে দাবি করেন তার ইউনিয়নটি ভাঙনকবলিত ও দুর্গম এলাকা। বিগত দিনে যে উন্নয়ন হয়েছে ও আমি দুবার চেয়ারম্যান থাকাকালীন যে কাজ হয়েছে তাতে সন্তুষ্ট বর্তমান সংসদ সদস্যর ওপর। আমরা যাতে আরও উন্নয়ন পেতে পারি, সে জন্য আমি এলাকাবাসীকে বলতে চাই, আমি নৌকায় ভোট চাই। আপনারা কারা কারা নৌকায় ভোট দিবেন হাত উচু করে দেখান। নৌকায় ভোট দিবেন কি- না? আমি নিজে আমার এলাকার স্বার্থে যেটুকু প্রয়োজন সাধ্যমতো চেষ্টা করব নৌকা জয়যুক্ত করার। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বঙ্গবন্ধু।

তার এই পথসভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপি নেতা বলেন, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন ও প্রভাবশালী নেতা হয়ে এভাবে নৌকায় ভোট চাইতে পারেন না। এটা লজ্জাজনক। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

আওয়ামী লীগ নেতারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি নেতারা নৌকায় ভোট চাইছেন। যার প্রমাণ এই ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বলেন, এলাকার উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইছি, দোষের কিছু নেই। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হক ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমানের ফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।