নির্বাচনী প্রচারণায় পাকিস্তানি নাগরিক, নাশকতার আশঙ্কা প্রার্থীর

লোহাগাড়া (চট্টগ্রাম)  প্রতিনিধিচট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে পাকিস্তানের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে আসন্ন নির্বাচনে ব্যাপক সহিংসতা কর্মকাণ্ড ঘটনোর আশঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্রী প্রার্থী এমএ মোতালেব। আজ মঙ্গলবার এই ঘটনায় চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

স্বতন্ত্রপ্রার্থী এমএ মোতালেব অভিযোগে বলেন, মোহাম্মদ আমিন নদভী নামের একজন পাকিস্তানী নাগরিক গত কয়েকদিন ধরে সাতকানিয়ায় অবস্থান করছেন যিনি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে নির্বাচন মনিটরিং করছেন, নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক রোহিঙ্গা সন্ত্রাসীদের সাতকানিয়ায় এনে নির্বাচনে ব্যাপক সংহিসতা সৃষ্টি, প্রাণনাশ ও নাশকতা সংগঠন সংক্রান্ত বৈঠক করেছেন যা নির্বাচনী আচরণবিধি পরিপন্থী। এই ঘটনা দেশের প্রচলিত ফৌজদারী আইনে অপরাধ হিসেবে বিবেচিত। নদভী পাকিস্তানি এই নাগরিককে ভিসা পাইয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করেছিলেন। নদভী আইআইইউসি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি বেআইনিভাবে তার পাকিস্তানি বন্ধু আমিন নদভীকে বিশ্ববিদ্যালয়ে চাকরিসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দিয়েছেন এমন সংবাদ পত্রিকায় এসেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করেছেন ইউজিসি। মোহাম্মদ আমিন নদভীর পাসপোর্টে তার বাড়ি পাকিস্তানের করাচির লান্দি বলে উল্লেখ রয়েছে। তাকে ভ্রমণ ভিসা দিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুরোধ করেছেন আবু রেজা মু. নেজামুদ্দিন। এতে প্রমাণিত হয় যে, মোহাম্মদ আমিন নদভী ও আবু রেজা মু. নেজামুদ্দিন পরস্পরের ঘনিষ্ঠজন।

অভিযোগে মোতালেব আরও উল্লেখ করেন, মোহাম্মদ আমিন নদভীর সাতকানিয়া অবস্থানকালীন কক্সবাজার থেকে আন্তর্জাতিক রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীদের ডেকে এনে মাদার্শা ইউনিয়নের একটি বাড়িতে একাধিক বৈঠক করেছেন। তাদের উদ্দেশ্য আসন্ন নির্বাচনে ব্যাপক সহিংসতা সৃষ্টি। নির্বাচনী প্রচারণায় যুক্ত নেতা ও জনপ্রতিনিধিদের টার্গেট করে প্রাণনাশ ও নাশকতার ছক তৈরী করে নির্বাচনে ভোটারদের মাঝে ভীতি ছড়ানোর মাধ্যমে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমানোর পরিকল্পনা করার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব। আমিন নদভী ছাড়াও জনৈক মোজাফফর নদভী ও আইআইইউসি'র কয়েকজন কর্মকর্তা, সাতকানিয়ার দুই জনপ্রতিনিধিও এ পরিকল্পনার সাথে জড়িত আছেন বলে এলাকায় চাওর হয়েছে।

স্বতন্ত্রপ্রার্থী এমএ মোতালেবের নির্বাচনের প্রধান সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, নদভী পাকিস্তানের নেটওয়ার্ক ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারা করছেন। তার লক্ষ্য নির্বাচনে ব্যাপক সহিংসতা, প্রাণনাশ ও নাশকতার ঘটনা ঘটানো।এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান অভিযোগটি পেয়ে তদন্ত করছেন বলে জানিয়েছেন।