ধরা পরলেই নাম পাল্টে ফেলেন ছিনতাইকারী মাসুদ

রাজধানীর কারওয়ান বাজারের সামনে সোনারগাঁও ক্রসিং এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে ছুরিসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম- মো. মাসুদ মিয়া প্রকাশ ওরয়ে মাসুম মিয়া। 

পুলিশ বলছে, মাসুদ গ্রেপ্তার এড়াতে বিভিন্ন নামে পরিচয় দেয় এবং ধরা পরলেই এই ছিনতাইকারী তার নাম পাল্টে ফেলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মাসুদ একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তিনি নির্জন ফুটপাতে ওঁৎ পেতে থাকে। একা পথচারী পেলে ছুরি ধরে সব ছিনিয়ে পালিয়ে যায়। সে প্রায় ১০ বছর ধরে ছিনতাইয়ের কাজে জড়িত এবং এখন পর্যন্ত প্রায় অর্ধ-শতাধিক ছিনতাইয়ে ঘটনা ঘটিয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ কর্মকর্তা আরও বলেন, মাসুদ গ্রেপ্তার এড়াতে প্রতিবারই পুলিশের কাছে নতুন নতুন নাম পরিচয় দিত। সে বিভিন্ন সময় বাবুল, আফছার, নাজিম নামেও পরিচয় দিয়েছেন। সোমবার রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে পুলিশ মাসুদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।