অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বজ্রপাত ও ঝড়ের প্রভাবে প্রায় এক লাখ ১০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া রাস্তায় গাছ উপড়ে মারা গেছেন ৫৯ বছর বয়সী এক নারী। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ভয়েজ অব আমেরিকা।
বিদ্যুৎ কোম্পানি এনাজেক্স জানিয়েছে, বড়দিনের রাতে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন এবং গোল্ড কোস্ট অঞ্চলে শক্তিশালী ঝড়ে বহু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় বলা হয়, বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুৎ ব্যবস্থা কবে পুনঃস্থাপন করা যাবে তা এখনই বলা যাচ্ছে না। ওই অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির খবর আরও আসছে।
কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেস সার্ভিস জানিয়েছে, গোল্ড কোস্টের একটি রাস্তায় গাছ উপড়ে এক নারী গুরুতর আহত হন এবং পরে তিনি মারা যান। এছাড়াও একই রকম আরেকটি ঘটনায় এক নারীকে তার গাড়িতে এক ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবারও (২৬ ডিসেম্বর) ঝড়ো হাওয়া, বড় ধরনের শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সঙ্গে তীব্র বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। ইতোমধ্যে একটি এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।