চট্টগ্রাম-১৬

আ. লীগ প্রার্থী মোস্তাফিজুরের বিরুদ্ধে ইসির মামলা

সাংবাদিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা করেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির এক সাংবাদিককে মারধরের অভিযোগে এমপি মোস্তাফিজুরসহ ২০-৩০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে এ মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল।

এর আগে গত রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রাম জেলা এবং বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়ের করতে বলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ৩ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে যান মোস্তাফিজুর রহমান। ওইদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক রকিব উদ্দিন তাকে শোডাউনের কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্ন শুনে মুস্তাফিজুর রহমান রেগে যান এবং রকিব উদ্দিনের দিকে তেড়ে গিয়ে তাকে মারধর করেন।