নিজেদের মাঠে শেষ ওয়ানডেতে শোচনীয় পরাজয় হলেও সিরিজ জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। ফরম্যাট বদলে আগামীকাল থেকে টি-টোয়েন্টির উত্তেজনাকর লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা। তিন ম্যাচের সিরিজে কিউই দলের অধিনায়কত্ব সামলাবেন মিচেল স্যান্টনার। মাঠের খেলায় নামার আগে বাংলাদেশের প্রশংসার পাশাপাশি লড়াইয়ের আভাসও দিয়েছেন তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, ‘আমি সব সময় বাংলাদেশকে ভয় পেতাম। আমরা জানি তারা কতটা ভয়ঙ্কর। ওয়ানডে সিরিজটা ক্লোজ ছিল। তাদের পেসাররা অনেক দূর এগিয়েছে। অবশ্যই তাসকিন এখানে নেই, কিন্তু বাকি তিন-চার জন তাদের ক্লাস দেখিয়েছে। উইকেট যদি পেসবান্ধব হয় তাহলে তারা আমাদের জন্য কঠিন হবে।’
বাংলাদেশ ওয়ানডে সিরিজ হাতছাড়া করলেও, প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে দাবি এই কিউই স্পিনারের। একইসঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও বেশ লড়াইয়ের আশা স্যান্টনারের, ‘ওয়ানডে সিরিজে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাংলাদেশ তিনটি ম্যাচেই ভালো খেলেছে বলে আমি মনে করি। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দারুণ করেছে। পিচে কিছুটা সহায়তা ছিল হয়তো, তবে তারা অনেক ভালো জায়গায় বোলিং করেছে। জয়টাও তাদের প্রাপ্য ছিল। আশা করছি এই সিরিজেও বেশ ভালো রকমের লড়াই হবে।’
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের পর শেষ ওয়ানডেতে কিউইদের ৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখে ওই ম্যাচ জিতে নেয় শান্তর দল। নেপিয়ারে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।