নাশকতা মামলার বিএনপি নেতাকে জামিন করালেন নৌকা প্রার্থী শম্ভু

বরগুনায় নাশকতার মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজার জামিন করিয়েছেন বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মতিউর রহমান রাজার পক্ষে জামিন আবেদন করেন বরগুনা-১ আসনের এমপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শুনানি শেষে এমপি শম্ভুর জিম্মায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিচারক রাসেল মজুমদার। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ দেবনাথ শম্ভু মতিউর রহমান রাজার পক্ষে জামিন আবেদন করেন। জামিন শুনানিতে শম্ভু অংশ না নিলেও তার পক্ষে ছেলে সুনাম দেবনাথ ও আইনজীবী তানজিবুল ইসলাম সুজন অংশ নেন। শুনানি শেষে দুটি মামলায় সংসদ সদস্য ও বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনজীবী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জিম্মায় পরবর্তী ১০ জানুয়ারি ও ২৯ জানুয়ারি (পৃথক দুটি মামলায়) পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৪ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার সভায় নৌকা প্রার্থীকে বিজয়ী করতে বক্তব্য দিয়েছিলেন মতিউর রহমান রাজা। বক্তব্যে, বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেয়া হবে নাহলে চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যহতি নেবেন, এমন অঙ্গীকারও করেন। পরদিন ২৫ ডিসেম্বর বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নাশকতা সৃষ্টির চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়।

মতিউর রহমান রাজা গত ইউপি নির্বাচনে সদরের বরদখালী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির (হালিম-নজরুল কমিটির) কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ছিলেন মতিউর রহমান রাজা।

জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, গত দুই মাসে আমাদের ১৪৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কয়েকদিন আগে মাত্র ৫ জনের জামিন হয়েছে। তাও প্রায় একমাস জেল খেটে। মতিউর রহমান রাজার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জামিন হওয়ার বিষয়টি আমাদের অবাক করেছে।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘বিষয়টি এখনো আমি শুনিনি। আপনার কাছেই শুনলাম। এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে দেখব।’