রাবাদার আগুনে বোলিংয়ের পর রাহুলের লড়াই

সেঞ্চুরিয়নে দুই বছর আগে যে টেস্ট খেলেছিল ভারত সেটি জিতেছিল তারা। সেই টেস্টে লোকেশ রাহুল প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। দুই বছর পর বক্সিং ডে তে সেঞ্চুরিয়নে ফের রাহুলের ব্যাটে ভর করেই এগোচ্ছে ভারত। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ভারত তোলে ৮ উইকেটে ২০৮ রান। রাহুল ক্যারিয়ারের ১৪তম টেস্ট ফিফটি করেন।

ভারতের ব্যাটিং লাইন আপে ধস নামানোর কাজটি করেন কাগিসো রাবাদা। একাই ৫ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্দশ পাঁচ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক টেম্বা বাভুমা। দলীয় ২৪ রানে ৩ উইকেট হারায় ভারত। যার দুটি নেন টেস্টে অভিষিক্ত নান্দ্রে বার্জার। তিনি ফেরান জয়সওয়াল (১৭) ও গিলকে (২)। অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে শুরু করেন রাবাদা।

সেই ধাক্কা সামাল দেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। লাঞ্চ বিরতির পর রাবাদার বলে শ্রেয়াস (৩১) ফিরলে জুটি ভাঙে। চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন কোহলি ও শ্রেয়াস। একটু পর কোহলিকে (৩৮) নিজের তৃতীয় শিকার বানান রাবাদা। অশ্বিন (৮) ও শার্দুল ঠাকুরকে (২৪) ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন প্রোটিয়া এই পেসার।

এক প্রান্ত আগলে রেখে রাহুল ফিফটি পূর্ণ করেন ৮০ বলে। দুই সেশন শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৭৬ রান। তৃতীয় সেশন বুমরাহ ফেরেন এক রান করে। ইনিংসের ৫৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ২০৮/৮। এরপর বৃষ্টি নামলে প্রথম দিনের খেলা আর হয়নি। ৭০ রানে অপরাজিত আছেন রাহুল।