ভাত দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভাত দিতে দেরি হওয়ায় মা পারভীনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড ছেলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভীন মারা যান।

এর আগে গত সোমবার বিকেলে উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভীন ওই গ্রামের রোশন আলীর স্ত্রী। পুলিশ এ ঘটনায় ঘাতক ছেলে মোহাম্মদ বেলায়েতকে (২২) আটক করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, সোমবার জমি থেকে কৃষিকাজ শেষ করে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চায় বেলায়েত। দিতে একটু দেরি হওয়ায় মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে মা পারভীনকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত পারভিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় পারভীন মারা যান।

ওসি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’