দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৫২ জন ডেঙ্গু রোগী।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৭ জন, ঢাকায় এ সংখ্যা ৩৫ জন। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৭০১ জনে। আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৮৭১ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১০ হাজার ৮৩০ জন।
এ বছর সবমিলিয়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৬৯৮ জন; যার মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৭৮ জনের; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২০।