মহাকাল নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠার ৪০ বছরে একটি নতুন প্রযোজনা যুক্ত হতে যাচ্ছে। ৪৪ তম প্রযোজনা ‘সুরেন্দ্র কুমারী’ আসছে মঞ্চে। নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। নাটকে, অতীত মন্থনকারী এক কবির আহ্বানে মঞ্চের ধূমেল আলোর অন্তর খুঁড়ে উদ্ভাসিত হয় সুরেন্দ্র কুমারী। নীল নক্ষত্রের কুয়াশাকণা কলমে মেখে সুরেন্দ্রর প্রতি অশ্রুসিক্ত কবি প্রচলিত গাথা নবতর শিল্পরীতিতে বয়ান করতে চান যেখানে আখ্যানের অন্তে সুরেন্দ্রর আত্মহত্যা রুখে দেওয়া হবে।