ইলেকশন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার মো. আহসান হাবীব খান (অব.) বলেছেন, ‘ইলেকশন কমিশনের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে নির্বাচনে প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করা। সব দল ও ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের পরিবেশ অর্থাৎ সবার জন্য প্লেন ফিল্ড অ্যান্ড ফেয়ার ইলেকশন উপহার দেওয়া। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে এবারের নির্বাচন হবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।’
গতকাল মঙ্গলবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও বিভিন্ন বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও ফারাগুল নিজুম। এ ছাড়া সেনাবাহিনীর সদস্য, র্যাব-৮-এর সদস্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, জেলা ও উপজেলার নির্বাচন অফিসার, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দলের প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।