উল্টোপথে যেতে বাধা দেওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সদস্যকে স্টাম্প দিয়ে পিটিয়ে জখমের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইসমাইল হোসেন জীবন (২৪)। গত সোমবার রংপুরের গঙ্গাচড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
এর আগে ২১ ডিসেম্বর রাজধানীর কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় হামলার ওই ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের নাম মতিয়ার রহমান। পিটিয়ে জখমের ঘটনায় তিনি গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকায় ২০ ডিসেম্বর সিটি করপোরেশনের একটি ময়লাবাহী ভ্যানগাড়ি উল্টোপথে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের কনস্টেবল মতিয়ার রহমান (৫০) বাধা দেন। এ নিয়ে তার সঙ্গে বাগ্্বিতণ্ডায় জড়িয়ে যান জীবন। পরদিন একই স্থানে দায়িত্বরত থাকা অবস্থায় মতিয়ারের মাথায় কাঠের স্টাম্প দিয়ে আঘাত করেন। এতে কনস্টেবল মতিয়ারের মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয় মতিয়ারকে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ট্রাফিক সদস্যের ছেলে সাব্বির বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। এরপর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারী জীবনকে চিহ্নিত করা হয়।