ডেঙ্গুতে আরেকটি মৃত্যুশূন্য দিন

দেশে ডেঙ্গুতে আরও একটি মৃত্যুশূন্য দিন দেখল মানুষ। সবশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ নিয়ে এই মাসেই চার দিন মৃত্যুশূন্য দিন গেল। এর আগে গত ১৬, ২১ ও ২২ ডিসেম্বর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই বছর এ মাসের আগে সর্বশেষ মৃত্যুশূন্য দিন ছিল ৩০ জুন। এরপর গত পাঁচ মাসে কোনো মৃত্যুশূন্য দিন ছিল না। বরং এ সময় সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির ঘটনা ঘটে।

এ মাসের গত ২৬ দিনে ডেঙ্গুতে ৭৬ জন মারা গেছে। আগের মাসে মৃত্যু ছিল ২৭৪ জনের। তার আগের মাসে অক্টোবরে ৩৫৯, সেপ্টেম্বরে ৩৯৬, আগস্টে ৩৪২ ও জুলাই মাসে ২০৪ জন মারা যায়।

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশের বিভিন্ন হাসপাতালে ১৫২ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১১৭ জন, যা মোট দৈনিক রোগী ভর্তির ৭৭ শতাংশ। বাকি ২৩ শতাংশ বা ৩৫ জন ভর্তি হয়েছে ঢাকায়। এ নিয়ে দেশে এ বছর রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২০ হাজার ৭০১ জন। তাদের মধ্যে ঢাকায় রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৭১ ও ঢাকার বাইরে ২ লাখ ১০ হাজার ৮৩০ জন।